সারাদেশ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, নেতৃত্ব বাছাই করবেন দেড় লাখ ভোটার

তিমির বনিক, মৌলভীবাজার 

সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আর পরিবর্তনের হাতছানি। দীর্ঘ আট বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন। নিজেদের ন্যায্য অধিকার আর ভাগ্য বদলের যোগ্য কাণ্ডারি বেছে নিতে ব্যালটের অপেক্ষায় প্রহর গুনছেন লক্ষাধিক চা শ্রমিক। শেষ মুহূর্তের জমজমাট প্রচারণায় যখন বাগান থেকে কারখানা সবখানেই উৎসবের আমেজ, ঠিক তখনই মূল দাবি-দাওয়ার বদলে প্রার্থীদের পাল্টাপাল্টি রাজনৈতিক ট্যাগ দেওয়ার প্রবণতায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০ এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে এবার ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

এদিকে বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এক প্রেস বিজ্ঞপ্তি অনুষ্ঠিত হয়। আয়োজিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের সার্বিক প্রস্তুতির কথা জানান মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক বলেন, ‘দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচন চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ও নির্বাচনীক চর্চা ও নিজেদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তফসিল ঘোষণার পর থেকে চা বাগানের মালিক, ব্যবস্থাপক এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় সমন্বয় সভা করা হয়েছে। সর্বাধিক ৪০টি পঞ্চায়েত ও ১৮ হাজার ৮২২ জন ভোটার থাকায় শ্রীমঙ্গল উপজেলায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত, ভ্যালি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হবে, যা ভবিষ্যতে শ্রমিকদের দাবি দাওয়া আদায়ে কার্যকর ভূমিকা রাখবে।’

নির্বাচন ঘিরে মাঠ পর্যায়ে বাগানগুলোতে দেখা যায়, বাগানের শ্রমিক লাইনগুলোতে উঠান বৈঠক, সভা করছেন প্রার্থীরা। তবে উৎসবের আমেজ থাকলেও চা শ্রমিকদের কণ্ঠে ফুটে উঠেছে দীর্ঘদিনের বঞ্চনার কথা। কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা বলেন, ‘আট বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমরা ভীষণ খুশি। বাগানে এখন ঈদ, পূজার মতো আনন্দ চলছে। আমরা এমন নেতা চাই, যারা শুধু ভোটের সময় নয়, সারা বছর শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকবেন।’ আলীনগর চা বাগানের তরুণ শ্রমিক সুমন মুন্ডা জানান, ‘দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় শ্রমিকদের অনেক দাবিই অমীমাংসিত রয়ে গেছে। এবার আমরা শিক্ষিত ও সৎ তরুণ নেতৃত্ব দেখতে চাই, যারা মালিকপক্ষের সাথে চোঁখে চোখে রেখে আমাদের ন্যায্য অধিকার আদায় করে আনতে পারবেন।’

কুরমা চা বাগানের শ্রমিক লছমী তেলী বলেন, ‘ভোটের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো। কোনো ভয়ভীতি ছাড়াই যেন আমরা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, প্রশাসনের কাছে সেটাই আমাদের প্রত্যাশা। আমরা যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে চাই।’ কুলাউড়ার গাজীপুর চা বাগানের নারী শ্রমিক মালতী নায়েক বলেন, ‘দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে বর্তমান মজুরিতে সংসার চালানো দায়। নতুন নেতৃত্বের কাছে আমাদের প্রধান দাবি থাকবে ন্যায্য মজুরি ও রেশন বৃদ্ধি। পাশাপাশি বাগানের নারী শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’ শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের শ্রমিক কার্তিক বাউরি বলেন, ‘আমাদের বাগানের বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। যারা আমাদের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিক হবেন এবং বাগানের উন্নয়নে কাজ করবেন, আমরা তাদেরই ভোট দেব।’ এ ছাড়াও কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের শ্রমিক মন্তু বাউরি বলেন, ‘এবার আমরা নতুন নেতৃত্ব চাই। আমাদের খুব সতর্কভাবে নেতা নির্বাচন করতে হবে। শ্রমিকরা চান, মালিকপক্ষ ও ইউনিয়নের মধ্যে মজুরি নির্ধারণের দ্বিপাক্ষিক আলোচনার ব্যবস্থা পুনরায় চালু হোক। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব যেন মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াতে আরও দক্ষতার সঙ্গে আলোচনা করে।’

তবে নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের স্বার্থের চেয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ বেশি গুরুত্ব পাওয়ায় হতাশ অনেক শ্রমিক। শ্রীমঙ্গলের কালিঘাট বাগানের অরুণ তাঁতি এবং কালিটি বাগানের শ্রমিক নেতা দিলিপ কুমার দাস বলেন, `প্রার্থীরা একে অপরকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বা বিএনপি'র অনুসারী হিসেবে চিহ্নিত করতেই বেশি ব্যস্ত। অথচ শ্রমিকদের অধিকার নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।'

নির্বাচনের পরিবেশ ও আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থী ও সাবেক নেতারা। মনু-দলই ভ্যালি কমিটির সভাপতি পদপ্রার্থী লিটন গঞ্জু এবং সহ-সভাপতি প্রার্থী আশা অরনাল জানান, সাধারণ শ্রমিকরা এবার তরুণ ও নতুন নেতৃত্ব দেখতে চান এবং তারা জয়ের ব্যাপারে আশাবাদী। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী নৃপেন পাল বলেন, ‘দীর্ঘদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং ২০২২ সালের আন্দোলনসহ সব সংগ্রামে পাশে ছিলাম। নির্বাচিত হলে ভূমির অধিকার, ন্যায্য মজুরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করব।’ সভাপতি পদপ্রার্থী পঙ্কজ কন্দ রাজনৈতিক ট্যাগিংয়ের সমালোচনা করে বলেন, ‘কেউ আওয়ামী লীগ, আবার কেউ বিএনপি'র ট্যাগ লাগাচ্ছেন। আমরা কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, শ্রমিকদের পক্ষে কথা বলতে চাই। আগে সহ-সভাপতি থাকায় সরাসরি সিদ্ধান্ত নিতে পারতাম না, তাই এবার সভাপতি পদে লড়ছি।’ অন্যদিকে আরেক সভাপতি প্রার্থী রাজু গোয়ালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পূর্ববর্তী কাজের হিসাব চেয়ে বলেন, ‘আমি সিলেট ভ্যালির সভাপতি থাকাকালে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে চা শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম। শ্রমিকদের নয্য দাবি আদায়ে এবছর সভাপতি পদে প্রার্থী হয়েছি।’

ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি বলেন, সরকারি সহায়তায় শ্রমিকরা গোপন ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি জোর দেন নিজস্ব সক্ষমতার ওপর। তাঁর মতে, অন্যান্য সংগঠনের মতো চা শ্রমিক ইউনিয়নও যেন নিজেরাই নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করে, এতে প্রতি তিন বছর পরপর নিয়মিত নির্বাচন করা সম্ভব হবে। সব মিলিয়ে, ভয়ের পরিবেশ কাটিয়ে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার অপেক্ষায় রয়েছেন চায়ের জনপদের লক্ষাধিক ভোটার। সবচাইতে বেশি ভোটার সংখ্যা মৌলভীবাজার জেলায়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা