মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিনকে ঘিরে নানা অভিযোগ, তদন্তের নির্দেশ ও প্রশাসনিক বিতর্কের মধ্যেই আবারও কিশোরগঞ্জে বদলির আদেশ বহাল রাখা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা ১০ নভেম্বরের এক অফিস আদেশে তাঁর আগের বদলির সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি আদেশ অনুযায়ী, রুহুল আমিনকে পঞ্চসার ইউনিয়ন পরিষদ থেকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাংগালপাড়া ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ৯ নভেম্বর জারি করা পরবর্তী একটি আদেশ বাতিল করে ৫ নভেম্বরের পূর্ববর্তী বদলির আদেশ বহাল রাখা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ১০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১১ নভেম্বর থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ তদন্তের নির্দেশ, পরে কারণ দর্শানোর নোটিশ: রুহুল আমিনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসককে নিরপেক্ষ তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, একই দিন পঞ্চসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া সংবাদ সম্মেলন করার অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা প্রশাসন। এ ঘটনায় সরকারি কর্মকর্তা হিসেবে তাঁর দাপ্তরিক আচরণ ও বিধিবিধান অনুসরণের বিষয়টিও আলোচনায় আসে।
তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল কিংবা তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
বদলি ঘিরে নতুন করে আলোচনা: সম্প্রতি পঞ্চসার ইউনিয়ন পরিষদের দাবি করা শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে ইউপি কর, ট্রেড লাইসেন্স ফি ও বাণিজ্য কর বাবদ ৪ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা বকেয়া থাকার বিষয়টি সামনে আসে। এ অর্থ আদায়ে নোটিশ ও প্রশাসনিক উদ্যোগের বিষয়টিও আলোচনায় আসে। এর পরপরই রুহুল আমিনের বদলির আদেশ জারি হওয়ায় স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন তৈরি হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বকেয়া রাজস্ব আদায়ের উদ্যোগের সঙ্গে তাঁর বদলির সময়গত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তবে বকেয়া আদায়ের উদ্যোগের কারণেই তাঁকে বদলি করা হয়েছে—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য বা সরকারি আদেশে উল্লেখ নেই।
অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং সরকারি অর্থের হিসাব-নিকাশ যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহলের অনেকে।
সব মিলিয়ে একাধিক অভিযোগ, তদন্তের নির্দেশ, কারণ দর্শানোর নোটিশ এবং বদলির আদেশ পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিনকে নিয়ে মুন্সীগঞ্জের স্থানীয় প্রশাসনিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এখন কিশোরগঞ্জের নতুন কর্মস্থলে তাঁর যোগদান এবং পূর্বে উত্থাপিত অভিযোগগুলোর তদন্তের অগ্রগতি কী হয়, সেটিই দেখার বিষয়।
সাননিউজ/বান্না