কুস্তি জগতের আন্তর্জাতিক আঙিনায় আরও একবার নিজেদের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব প্রমাণ করল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি নিউজ এজেন্সির পরিবেশিত তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বিশ্বজুড়ে অংশগ্রহণকারী হাজারো লড়াকুদের মধ্যে মাত্র চারজন কুস্তিগির তাদের আগের বছরের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে পেরেছেন।
অত্যন্ত অবাক করার মতো বিষয় হলো, এই এক্সক্লুসিভ চারজনের মধ্যে একাই তিনজনের পজিশন দখল করে রেখেছেন ইরানের অদম্য কুস্তিগিররা। বাকি একমাত্র প্রতিযোগী হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক বাঘা রেসলার।
আস্তানার রিংয়ে বিশ্বজয়ীদের মুকুট রক্ষা :
কাজাখস্তানের প্রাণকেন্দ্র আস্তানায় গত ২৪ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।
আসরের গ্রেকো-রোমান বিভাগের লড়াইয়ে ২৭ অক্টোবর ৬৭ কেজি ওজনশ্রেণির মেডেল ম্যাচে উজবেকিস্তান থেকে আসা কঠিন প্রতিপক্ষকে ধরাশায়ী করে নিজের আগের বছরের বিশ্বসেরার খেতাব ধরে রাখেন ইরানের কৃতি সন্তান সাঈদ ইসমাইলি।
এর আগে প্যারিস অলিম্পিক গেমসেও স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন এই তারকা, যিনি গত বছর জাগরেব আসরে প্রথমবারের মতো সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।
একই কায়দায় গ্রেকো-রোমানের ৮২ কেজি ওজনশ্রেণির লড়াইয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নিজের স্বর্ণপদক অক্ষুণ্ণ রাখেন আরেক ইরানি ম্যাট হিরো গোলামরেজা ফারোখি।
গত বছর বিশ্বমঞ্চের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ইসলামিক সলিডারিটি গেমসেও অভাবনীয় সাফল্য পেয়ে সোনা জয় করেছিলেন তিনি। অন্যদিকে, ফ্রিস্টাইল কুস্তির ১২৫ কেজি ওজনশ্রেণির ফাইনাল ম্যাচে গত ৩১ অক্টোবর রাশিয়ার শক্তিশালী কুস্তিগির আবদুল্লাহ কুরবানভকে ১১-০ পয়েন্টের বিশাল ব্যবধানে পাত্তাই দেননি ইরানের তারকা আমিরহোসেইন জারে।
এই বড় জয়ের সুবাদে তিনি ক্যারিয়ারের চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনালী ট্রফি নিজের করে নিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের গৌরব ও ইরানের সামগ্রিক আধিপত্য :
ইরানি কুস্তিগিরদের এই ত্রিমুখী সাফল্যের ভিড়ে বিশ্বের বাকি দেশগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রর বিখ্যাত কুস্তিগির কাইল স্নাইডার নিজের ধারাবাহিকতা বজায় রেখে গত বছরের খেতাব বর্তমান আসরেও ধরে রাখতে সফল হয়েছেন।
তবে ব্যক্তিগত এই সাফল্যের বাইরেও পুরো টুর্নামেন্টজুড়ে ইরানি রেসলারদের দলীয় কোশল ও আগ্রাসী কুস্তি নজর কেড়েছে সবার।
টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী, পরাশক্তিদের পেছনে ফেলে গ্রেকো-রোমান বিভাগের দলগত শ্রেষ্ঠত্বের ট্রফি টানা দ্বিতীয়বারের মতো নিজেদের শোকেসে তুলে নিয়েছে ইরান, যা দেশটির কুস্তি ইতিহাসের পাতায় এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে যুক্ত হলো।
সান নিউজ / রাজীব