কোনো ঠিকানা খুঁজে বের করা, পরিচিত কাউকে নিজের অবস্থান জানানো কিংবা ভবিষ্যতে যাওয়ার জন্য কোনো জায়গা সংরক্ষণ- বিভিন্ন কাজে গুগল ম্যাপ ব্যবহার করা হয়। তবে অনেক সময় কোনো স্থানের নির্দিষ্ট ঠিকানা জানা না থাকলেও ম্যাপে পিন বসিয়ে সেটি চিহ্নিত করা যায়। এতে সহজেই জায়গাটি খুঁজে পাওয়া এবং অন্যের সঙ্গে শেয়ার করা সম্ভব।
গুগল ম্যাপে পিন বসানোর পদ্ধতি বেশ সহজ। স্মার্টফোন ও কম্পিউটার- দুই মাধ্যমেই কয়েকটি ধাপ অনুসরণ করে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা যায়।
স্মার্টফোনে যেভাবে পিন বাসানোর উপায়
প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগল ম্যাপ অ্যাপ চালু করুন। এরপর যে জায়গাটি চিহ্নিত করতে চান, সেটি খুঁজে বের করুন। জায়গাটির নাম বা ঠিকানা জানা থাকলে সার্চ বারে লিখে অনুসন্ধান করতে পারেন। আর ঠিকানা জানা না থাকলে ম্যাপে জুম করে নির্দিষ্ট স্থানটি খুঁজুন।
স্থানটি পাওয়া গেলে ম্যাপের ওই জায়গায় আঙুল দিয়ে কিছুক্ষণ চেপে ধরে রাখুন। সঙ্গে সঙ্গে সেখানে একটি লাল পিন দেখা যাবে। সাধারণত স্ক্রিনের নিচে জায়গাটির অবস্থান বা ঠিকানা-সংক্রান্ত একটি তথ্যের প্যানেলও আসবে।
এরপর চাইলে জায়গাটির তথ্য দেখতে পারবেন, সেখানে যাওয়ার দিকনির্দেশনা নিতে পারবেন কিংবা অন্যের সঙ্গে অবস্থানটি শেয়ার করতে পারবেন। শেয়ার করার জন্য সংশ্লিষ্ট অপশনে চাপ দিয়ে পছন্দের অ্যাপের মাধ্যমে লিংক পাঠানো যায়।
নিজের সুবিধার জন্য জায়গাটি সংরক্ষণ করতে চাইলে ‘সেভ’ অপশন ব্যবহার করুন। এরপর পছন্দের তালিকায় জায়গাটি যোগ করে রাখতে পারবেন। পরে প্রয়োজন হলে সংরক্ষিত তালিকা থেকে সেটি খুঁজে পাওয়া সহজ হবে।
কম্পিউটারে পিন বসানোর নিয়ম
কম্পিউটারে গুগল ম্যাপ ব্যবহার করেও একইভাবে কোনো স্থান চিহ্নিত করা যায়। প্রথমে ব্রাউজারে গুগল ম্যাপ খুলুন। এরপর সার্চ বারে ঠিকানা বা জায়গার নাম লিখে অনুসন্ধান করুন। চাইলে ম্যাপে জুম করে নির্দিষ্ট স্থান নির্বাচন করতে পারেন।
পছন্দের জায়গাটিতে মাউস দিয়ে ক্লিক করলে সেখানে একটি পিন বা অবস্থান নির্দেশক দেখা যাবে। পাশাপাশি স্থানটির ঠিকানা বা স্থানাঙ্কসহ প্রাসঙ্গিক তথ্য প্রদর্শিত হতে পারে। সেখান থেকে দিকনির্দেশনা নেওয়া, জায়গাটি সংরক্ষণ করা কিংবা শেয়ার করার বিকল্প ব্যবহার করা যাবে।
যা খেয়াল রাখতে হবে
কোনো স্থানের পিন অন্যকে পাঠানোর আগে ম্যাপে সঠিক জায়গাটি নির্বাচন করা হয়েছে কি না, তা যাচাই করে নিন। বিশেষ করে বাড়ি, অফিস, হাসপাতাল বা অপরিচিত কোনো স্থানের অবস্থান পাঠানোর সময় নির্ভুলতা গুরুত্বপূর্ণ।
সান নিউজ/হেনা