দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলে ভয়াবহ আঘাত হেনেছে সাইক্লোন ‘মুরাসু’ । আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে নেল্লোর ও নরসাপুরের মাঝামাঝি এলাকায় সাইক্লোনটি উপকূল অতিক্রম করেছে।
দক্ষিণ ভারতের আরেকটি রাজ্য ওডিশার কিছু স্থানে হাল্কা আঘাত হেনেছে। তবে অন্ধ্রপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঝড়টি প্রবল আকারে আঘাত করেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। এদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলে তেমন প্রভাব পড়েনি।
আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে ।
দক্ষিণ উপকূলীয় অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায় আগামী ১২ থেকে ১৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।
এ ছাড়া আগামীকাল বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১ দশমিক ৫ মিটার বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এতে উপকূলীয় এলাকার নিচু অঞ্চল প্লাবিত হতে পারে। বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি বেশি বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।
এ পরিস্থিতিতে অন্ধ্র প্রদেশ ও ওড়িশার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চেন্নাইয়ের স্কুলগুলো, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাবে চেন্নাই, বিজয়ওয়াড়া ও অমরাবতী বিমানবন্দরে মোট ৩০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে চেন্নাই বিমানবন্দরে আসা-যাওয়ার ১১টি এবং বিজয়ওয়াড়া বিমানবন্দরের ১৯টি ফ্লাইট রয়েছে।
সান নিউজ / রাজীব