মাত্র সতেরো বছর বয়সে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে রূপালি পর্দায় পা রেখেছিলেন এক কিশোরী। দেখতে দেখতে কেটে গেছে তিরিশ বছরেরও বেশি সময়। সময়ের পরিক্রমায় সেই কিশোরী আজ ৫১ বসন্ত পার করা এক পরিপক্ব নারী। বয়স পঞ্চাশ ছোঁয়ার পর কেট উইন্সলেট দৃপ্ত কণ্ঠে বলেছিলেন, নারীরা বয়সের সঙ্গে সঙ্গে কেবল ম্লান হন না, বরং আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন। গত ৫ অক্টোবর জন্ম নেওয়া এই খ্যাতিমান অভিনেত্রীর বর্ণাঢ্য জীবন শুধুই সাফল্যের গল্প নয়, বরং লড়াই আর ঘুরে দাঁড়ানোর এক জীবন্ত উপাখ্যান।
চলচ্চিত্রপ্রেমীদের পরিবারে জন্ম নেওয়া কেটের শৈশব খুব একটা মোলায়েম ছিল না। বাবা-মা দুজনেই থিয়েটারের সঙ্গে জড়িত থাকলেও আর্থিক স্বচ্ছলতা ছিল না বললেই চলে। শৈশবে অতিরিক্ত ওজনের কারণে সহপাঠীদের নিয়মিত কটু কথা শুনতে হতো তাঁকে, ব্যঙ্গ করে ডাকা হতো ‘ব্লাবার’ বলে। এমনকি অভিনয়জগতে পা রাখার পরও রূপ ও শরীরের মাপ নিয়ে কম লাঞ্ছনা সহ্য করতে হয়নি তাকে । অতিরিক্ত মানসিক চাপে একসময় প্রায় না খেয়ে থাকার মতো অস্বাস্থ্যকর পথও বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু সব নেতিবাচকতাকে পাশ কাটিয়ে ১৯৯৪ সালে প্রথম সিনেমাতেই নজর কাড়েন কেট। সে সময় আর্থিক অনটনের কারণে স্যান্ডউইচের দোকানে কাজ করা তরুণীটি হঠাৎই ফোনের এক বার্তায় জানতে পারেন তিনি রূপালি পর্দার কাজের সুযোগ পেয়েছেন।
এরপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ চলচ্চিত্রে রোজ চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন কেট। এই বিশাল অর্জন তাঁর জন্য আশীর্বাদের চেয়ে যেন অভিশাপ হয়েই বেশি এসেছিল। আন্তর্জাতিক গণমাধ্যম ও পাপারাজ্জিদের নিরন্তর নজরদারি, ব্যক্তিগত জীবনে অনধিকার চর্চা এবং গোপনীয়তা ভঙ্গের যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে পড়েছিলেন নবাগত এই তারকা। চারপাশের সেই দমবন্ধ করা পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল।
ক্যারিয়ারের বিভিন্ন সময়ে সাহসী চরিত্রে অভিনয় করেও নানা বিতর্কের মুখে পড়েছেন কেট। তবে সময়ের সঙ্গে সঙ্গে কাজের ধরন এবং নিজের শরীর নিয়ে তার দৃষ্টিভঙ্গিতে এসেছে পরিপক্বতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বলিরেখাগুলোকে তিনি কোনো ত্রুটি হিসেবে দেখেন না। বরং মুখের কোণের এই রেখাগুলোকে নিজের জীবনের গল্প ও অভিজ্ঞতার দলিল বলেই মনে করেন তিনি। নিজের শারীরিক গঠন ও বয়সের ছাপকে নিয়ে আজ দারুণ আত্মবিশ্বাসী এই অস্কারজয়ী তারকা।
সান নিউজ / রাজীব