নব্বই দশকে রাজধানী কাঁপানো অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছিলেন শেখ মোহাম্মাদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘ প্রায় ১৯ বছর কারাগারে ছিলেন সুইডেন আসলাম। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আশির দশকের শেষদিকে তিনি সুইডেনপ্রবাসী এক নারীকে বিয়ে করে সেখানে গিয়ে কয়েক বছর বসবাস করেন। পরবর্তীতে দেশে ফিরে আসার পর তার নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।
জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। ওই সময় তাকে গ্রেপ্তার করা হয়।
৬৪ বছর বয়সী সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সাননিউজ/বান্না