কুড়িগ্রামের উলিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার। এ সময় ঘরে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা সহ ৪ লাখ ৪০ হাজার টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (২৩ নভেম্বর) গভীররাতে বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার ইসলাম উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৫৪) এর বসত ঘরে সোমবার গভীর রাতে আগুন লেগে ৭টি ঘর এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, কাপড়, চাল ও ধান পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ক্ষতিগ্রস্থ ইউসুফ আলী বলেন, আমার বাড়িভিটা মাত্র ৬ শতক জমিতে রান্না ঘর ও গোয়াল ঘর সহ ৭টি ঘর ছিলো। আমি অন্যের জমিতে দিনমজুরের কাজ করে জীবীকা নির্বাহ করি। সোমবার গভীর রাতে আমার বসত বাড়িতে আগুন লেগে নগদ অর্থ সহ ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। শয়ন ঘরে থাকা জমি কেনার জন্য নগদ দুই লাখ ৪০ হাজার টাকা বের করতে না পাওয়ায় তা পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা সহ ৪ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এখন কিভাবে সংসার চালাবো অসহায় হয়ে গেলাম।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। ৭টি ঘর ও প্রায় সাড়ে ২ লাখ টাকার আসবাবপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়াও নগদ টাকা ছিলো বলে শুনেছি।
সাননিউজ/বান্না