সারাদেশ
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর

ক্ষতিপূরণ মেলেনি, বিচারও অধরা; দুর্বিষহ জীবন আহত শ্রমিকদের

সাভার (ঢাকা) প্রতিনিধি

এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে স্বজন হারানোর ক্ষত আজও শুকায়নি, আর যারা প্রাণে বেঁচে ফিরেছিলেন, তাঁদের অনেকের জীবন থমকে আছে শারীরিক যন্ত্রণা ও অভাব-অনটনে। প্রতিশ্রুতি ছিল চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও উপযুক্ত ক্ষতিপূরণের। কিন্তু ১৪ বছরেও তার বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পায়নি প্রত্যাশিত ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের অনেকেই পাননি প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন। অন্যদিকে, এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ীদের বিচারও এখনো অধরা। ফলে ১৪ বছর পরও তাজরীন ট্র্যাজেডির ক্ষত বয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী শ্রমিক ও তাঁদের স্বজনেরা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ডের ১৪ বছর পূর্ণ হলো। ২০১২ সালের এই দিনে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে অবস্থিত কারখানাটিতে ভয়াবহ আগুনে প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন দুই শতাধিক। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। তাঁদের মধ্যে অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করে কর্মক্ষমতা হারিয়েছেন। দীর্ঘ ১৪ বছরেও তাঁদের জীবনমানের তেমন কোনো পরিবর্তন হয়নি।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনস কারখানার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। এসময় আয়োজিত মানববন্ধন থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান এবং ঘটনার জন্য দায়ীদের বিচারের দাবি জানানো হয়।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নয়তলা ভবনের বিভিন্ন তলায়। নিচতলার ফটক তালাবদ্ধ থাকায় অনেক শ্রমিক বের হতে পারেননি। প্রাণ বাঁচাতে অনেকে ওপরের তলা থেকে লাফিয়ে পড়েন। তাঁদের কেউ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। ভেঙে যায় হাত-পা, বুকের পাঁজর ও কোমরের হাড়। কেউ কেউ চিরদিনের জন্য হারান স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা। অগ্নিকাণ্ডের পর আহত শ্রমিকদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিক নেতাদের অভিযোগ, দীর্ঘ সময়েও এসব প্রতিশ্রুতির যথাযথ বাস্তবায়ন হয়নি। অনেক আহত শ্রমিক এখনো নিয়মিত চিকিৎসা করাতে পারেন না। শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে না পারায় পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তাঁরা। কেউ অন্যের সহায়তায় চলছেন, কেউ আবার চিকিৎসা ও সংসারের খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।

শ্রমিক নেতাদের দাবি, অগ্নিকাণ্ডে আহত শ্রমিকের সংখ্যা এক হাজারের বেশি। তাঁদের মধ্যে ১৭২ জন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। অনেকেরই আর পোশাক কারখানায় কাজ করার সামর্থ্য নেই। অথচ তাঁদের জন্য স্থায়ী পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান কিংবা পর্যাপ্ত আর্থিক সহায়তার কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, তাজরীন অগ্নিকাণ্ডের ১৪ বছর পার হলেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠা হয়নি। নিহত শ্রমিকদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি, আহত শ্রমিকেরা পাননি প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন। এত বড় একটি দুর্ঘটনার পরও দায়ীদের বিচার নিশ্চিত না হওয়া অত্যন্ত হতাশাজনক। তাঁরা অবিলম্বে বিচারপ্রক্রিয়া শেষ করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত কারখানা ভবনটি ভেঙে সেখানে আহত শ্রমিকদের জন্য আবাসন এবং শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের দাবি জানান। পাশাপাশি নিহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, স্থায়ী পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানান।

১৪ বছর আগে তাজরীনের আগুন নিভেছে, কিন্তু সেই আগুনে পুড়ে যাওয়া শ্রমিকদের জীবনের সংকট এখনো কাটেনি। নিহতদের স্বজনেরা আজও ন্যায়বিচারের অপেক্ষায়, আর আহত শ্রমিকদের অনেকের প্রতিটি দিন কাটছে চিকিৎসা, জীবিকা ও অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ, পুনর্বাসন ও বিচার নিশ্চিত না হওয়ায় তাজরীন ট্র্যাজেডি এখনো বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার এক বেদনাদায়ক প্রশ্ন হয়ে রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

পর্দায় আসছে মেগা সিরিয়াল ‘এআই জুনিয়র’

কল্পবিজ্ঞানের রোমাঞ্চ আর মানবিক আবেগের এক ব্যতিক্রমী সংমিশ্রণ নিয়ে দর্শকদের স...

বদলগাছীতে ৪,১০০ জন প্রান্তিক কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার

নওগাঁর বদলগাছীতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা