চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মধু মিয়া উপজেলার আরামডাঙা গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিদিনের মতো কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় ফল বিক্রি করছিলেন মধু মিয়া। এ সময় কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
মারামারির একপর্যায়ে হামলাকারীরা কদবেল ছিদ্র করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার শিক মধু মিয়ার বুকে ঢুকিয়ে দেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
সান নিউজ/ রাব্বি