রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর ও সন্ত্রাসীরা এখন রিকশাচালকের ছদ্মবেশ ধারণ করে রাস্তায় নেমেছে। আজ শুক্রবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ থাইরয়েড সোসাইটি’র অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
সম্মেলনে রাজনৈতিক প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিফ হুইপ বলেন, সাম্প্রতিক নির্বাচনে মাত্র ছয়টি আসন পাওয়া রাজনৈতিক দলগুলোর কিছু নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় বক্তব্য দিচ্ছেন। গত ৫ আগস্টের পর থেকে এই ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য জনগণের কান ভারী করছে এবং এসব অপসংস্কৃতি থেকে সবার বেরিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, বর্তমান সরকারের বয়স মাত্র ৫-৬ মাস হওয়ার আগেই বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার কঠোর সমালোচনা করেন তিনি।
অর্থনৈতিক সংকট ও বিএনপির ভূমিকাদেশ যখনই গভীর সংকটে পড়েছে, তখনই তা থেকে অর্থনীতি ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপি নেতৃত্বাধীন শক্তিই ত্রাণকর্তার ভূমিকা পালন করেছে বলে দাবি করেন নূরুল ইসলাম মনি। তিনি উল্লেখ করেন, দেশব্যাপী সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বর্তমান সরকার এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে সাবেক আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি ও ভুল নীতির কারণে বর্তমান প্রশাসনকে মারাত্মক জ্বালানি সংকটের মুখোমুখি হতে হচ্ছে। চিফ হুইপের অভিযোগ, বিগত সরকারের ভ্রান্ত আমদানিনীতি ও অব্যবস্থাপনার ফলেই আজ দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাসের চরম ঘাটতি দেখা দিয়েছে, যা উত্তরণে বর্তমান প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়েও কথা বলেন চিফ হুইপ। বিগত সরকারের আমলেই গত দুই বছর ধরে শিশুদের নিয়মিত হামের টিকা প্রদান করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার মতে, অতীতে চিকিৎসাসেবা ও প্রতিষেধক কার্যক্রমে অবহেলার কারণে আজ দেশের স্বাস্থ্যখাতকে বড় ধরনের মাশুল গুণতে হচ্ছে এবং এর খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে।
সান নিউজ / রাজীব