বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আরও শক্তিশালী করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আগামীকাল বুধবার (৭ অক্টোবর) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন বহরে ১০টি এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ উদ্যোগ দেশের সিভিল এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার বহর শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদউজ্জামান মিল্লাত। অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার।
বাংলাদেশ সরকার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দ্বিপক্ষীয় এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১০টি এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।
সাননিউজ/বান্না