মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়া নিয়ে দ্বন্দ্বে বাধা দেওয়ায় প্রতিপক্ষের বাঁশের লাঠির আঘাতে রমজান আলী (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত রমজান আলী সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের শিমুলিয়া পশ্চিম খালপাড় এলাকার চান্দু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একই এলাকার নূর মোহাম্মদ (২২) ও আশিকের (১৮) মধ্যে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক বাঁশের লাঠি দিয়ে নূর মোহাম্মদের মাথায় আঘাত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এর জের ধরে ওই দিন দুপুর পৌনে একটার দিকে (১২:৫০ মিনিটে) একই এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে চেয়ারে বসে থাকা নূর মোহাম্মদের বড় ভাই রমজান আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, আশিক ও তাঁর বাবা ছানোয়ার হোসেন (৪৮) বাঁশের লাঠি দিয়ে রমজান আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপুর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাননিউজ/বান্না