যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টার দিকে আটলান্টার কাছে অস্টেল শহরে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্কে এ দুর্ঘটনা ঘটে।
কব কাউন্টির জরুরি যোগাযোগ বিভাগ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি। ঘটনাটি তদন্ত করছে কব কাউন্টি পুলিশের গুরুতর অপরাধ তদন্ত বিভাগ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পার্কের ‘গোলিয়াথ’ নামের রোলার কোস্টার থেকে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখা যায়। তাঁদের মধ্যে অন্তত দুজন জানিয়েছেন, মাটিতে পড়ার আগে ওই ব্যক্তি রাইডের বিভিন্ন অংশে আঘাত পান।
স্থানীয় সংবাদমাধ্যমকে এক প্রত্যক্ষদর্শী জানান, নিচে পড়ে যাওয়ার সময় ওই ব্যক্তি রোলার কোস্টারের গাড়িতে তিনবার আঘাত পান।
লোগান কনার নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি তাঁর বাগ্দত্তাকে নিয়ে ওই রোলার কোস্টারে চড়েছিলেন। এ সময় এক ব্যক্তিকে আসন থেকে ছিটকে বেরিয়ে যেতে দেখেন তিনি। তাঁর বর্ণনা অনুযায়ী, ওই ব্যক্তি একদিকে কাত হয়ে শূন্যে উঠে গিয়েছিলেন। এমনকি মুহূর্তের জন্য তাঁদের চোখাচোখিও হয়েছিল।
আরেক প্রত্যক্ষদর্শীর দাবি, দুর্ঘটনার সময় ওই ব্যক্তির সঙ্গে একটি শিশুও ছিল।
ঘটনার পর রোলার কোস্টারটি মাঝপথে থেমে যায়। পরে রাইডে আটকে থাকা যাত্রীদের বেরিয়ে আসার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তির পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি পার্কে উপস্থিত দর্শনার্থী ও কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। পরিবারের গোপনীয়তার কথা বিবেচনা করে আপাতত ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান বোলিগার অ্যান্ড মাবিলা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের নকশা ও নির্মাণে তৈরি ‘গোলিয়াথ’ রোলার কোস্টারটি ২০০৬ সালে চালু হয়। এতে ২০০ ফুটেরও বেশি উচ্চতা থেকে দ্রুত নিচে নামার ব্যবস্থা রয়েছে। এ ধরনের রোলার কোস্টারকে হাইপার কোস্টার বলা হয়।
এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিক্স ফ্ল্যাগস ম্যাজিক মাউন্টেন পার্কের ‘এক্স২’ রোলার কোস্টারে চড়ার পর মস্তিষ্কে আঘাত পাওয়ার অভিযোগে একাধিক মামলা হয়। আইনজীবীদের দাবি, ওই রাইডে চড়ার কারণে প্রায় ১০০ জন মস্তিষ্কে আঘাত পেয়েছিলেন।
এক্স২ রোলার কোস্টারে ৩৬০ ডিগ্রি ঘুরতে সক্ষম আসন, ২১৫ ফুট উচ্চতা থেকে নিচে নামার ব্যবস্থা এবং আকস্মিক উল্টে যাওয়া ও ঘূর্ণনের মতো বৈশিষ্ট্য রয়েছে। গত ১২ জুলাই থেকে রাইডটি বন্ধ রয়েছে। এর আগের দিন আইনজীবী ক্রিস্টোফার বুলোন জানিয়েছিলেন, মামলাকারীদের একজন ওই রাইডে চড়ার পর গুরুতর মস্তিষ্কের আঘাত পেয়েছেন। সে সময় পার্ক কর্তৃপক্ষ চলমান মামলা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
আটলান্টার শহরকেন্দ্র থেকে প্রায় ১০ মাইল পশ্চিমে অবস্থিত সিক্স ফ্ল্যাগস ওভার জর্জিয়া পার্ক।
সান নিউজ/ রাব্বি