বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের জেব্রা ক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী আরিফুল ইসলাম তারেক পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর তাকে মারধরের অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহফুজ সৌরভের বিরুদ্ধে।
ভুক্তভোগী আরিফুল ইসলাম তারেক বলেন, তিনি বিশ্ববিদ্যালয় ক্লাব থেকে ওষুধ কিনে ফেরার সময় ভিসি চত্বরে জেব্রা ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল প্রায় তার শরীরে ধাক্কা লাগার মতো করে চলে যায়।
তিনি বলেন, এতে ভয় পেয়ে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে মোটরসাইকেলটি থামানো হয়। এরপর মোটরসাইকেলে থাকা ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, ‘ব্যাক সাউন্ড দিলে কেন?’
আরিফুলের ভাষ্য, তিনি জবাবে বলেন, ‘আমি ভয় পেয়েছি, এ রকম বলব না?’ এরপর ওই ব্যক্তি তাকে বলেন, ‘ব্রেনকে থামিয়ে রেখেছি, না হলে দেখতি।’ এ সময় আরিফুল জানতে চান, ‘নাহলে মারতেন?’ তখন তাকে বলা হয়, ‘তুই তো বিশ্ববিদ্যালয়ের না।’
আরিফুলের অভিযোগ, এরপর ওই ব্যক্তি তার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখতে চান। তিনি পরিচয়পত্র বের করে দেখালেও সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
ভুক্তভোগীর দাবি, একপর্যায়ে তাকে বাম কানে ৮ থেকে ১০টি থাপ্পড় মারা হয়। পরে মাথা ও মুখে একের পর এক ঘুষি মারা হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন আরিফুল।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহফুজ সৌরভ প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তিনি বলেন, ভুক্তভোগীর সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
মারধরের অভিযোগ প্রসঙ্গে একপর্যায়ে মাহফুজ বলেন, ‘এটি একটি ছোটখাটো বিষয়।’ ভুক্তভোগীর সঙ্গে কথা বলে পরদিন এ বিষয়ে জানাবেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। পরে বিষয়টি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
সান নিউজ/ রাব্বি