রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং এবং রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রূপপুর প্রকল্পের বর্তমান অগ্রগতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনের বিষয়টিও তুলে ধরা হয়।
প্রকল্পটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে জানানো হয়, রূপপুর একটি আধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আন্তর্জাতিক মানদণ্ড মেনে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর বিভিন্ন ধাপের কাজ পরিচালিত হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পের অগ্রগতি ইতিবাচক বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এ সময় বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি স্বাস্থ্য খাতে নিউক্লিয়ার মেডিসিনের সেবা জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের অগ্রগতির বিষয়েও আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করতে স্কুল ও কলেজ পর্যায়ে বড় পরিসরে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করেন কমিটির সদস্যরা। পাশাপাশি দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো, রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ ও মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়।
সান নিউজ/ রাব্বি