মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার ১৭৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপিত হবে। ইতোমধ্যে মণ্ডপগুলোতে প্রতিমা নির্মাণ, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ১৬ অক্টোবর বোধনের মাঝে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও উপজেলার প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
উৎসব সফল করতে কাজ করছেন পূজামণ্ডপগুলোর আয়োজকেরা। মণিরামপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তুলসী বসু ও সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল জানান, উপজেলার সব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে প্রশাসন ও স্থানীয় পূজা কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
এদিকে, শ্রীমঙ্গল পৌরসভার মাস্টার পাড়া পুজা সংসদ দুর্গামন্দিরে গিয়ে দেখা যায়, পূজার অধিকাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দির কমিটির সভাপতি তিমির বনিক ও সাধারণ সম্পাদক অনিক ভট্টাচার্য্য জানান, এবার তাঁদের পূজামণ্ডপে ৪৩তম বর্ষে পদার্পণ করে। দীর্ঘ সময় ধরে পূজা পার্বণ আয়োজনে সার্বজনীন ভাবে সহযোগিতা সব সময় পেয়ে আসছি, আগামী দিনে ও আশা রাখি পাবো। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল বাজারের ব্যবসায়ী দীপ কুমার দাস বলেন, পূজার দিনগুলোর জন্য সারা বছর অপেক্ষায় থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাঁর প্রত্যাশা, ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে এবারের দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হবে।
দুর্গোৎসবকে ঘিরে মণিরামপুরের পূজামণ্ডপগুলোতে এখন উৎসবের প্রস্তুতি চলছে। জাতি-ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
সাননিউজ/বান্না