সাভারে পৃথক স্থানে তিনটি অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম।
এর আগে রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাতভর সাভারের বক্তারপুর মাঝিপাড়া, হেমায়েতপুর ও ইমান্দিপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সাভারের পোড়াবাড়ী বেদেপল্লীর মোঃ নুর আলম (৩০), মান্তাপাড়ার মোঃ রাকিবুল ইসলাম (৩০), কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলীর বাসিন্দা মোঃ আব্দুল গফুর (২৪) এবং সাভারের মজিদপুর এলাকার মোঃ তজিবুর রহমান (৬২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার সন্ধ্যা ৬ টার দিকে বক্তারপুর মাঝিপাড়া এলাকা থেকে নুর আলম ও রাকিবুল ইসলামকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন রাত সাড়ে ৯ টার দিকে হেমায়েতপুর এলাকা থেকে আব্দুল গফুরকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন ডিবির আরেকটি দল। এরপর সোমবার রাত গভীর রাতে ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা এসব ইয়াবার মোট ওজন ২৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার তজিবুর রহমানের বিরুদ্ধে আগে থেকেই মাদকদ্রব্য-সংক্রান্ত চারটি মামলা রয়েছে বলেও জানান তিনি।
সাননিউজ/বান্না