মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ জানান, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল। নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের চিহ্ন ছিল। তাদের মধ্যে একজনের পা ভেঙে যায়।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন হাসপাতালে আসেননি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সাতগাঁও হাইওয়ে থানার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
সান নিউজ/ রাব্বি