বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা পেয়ে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন উদীয়মান এই ফুটবলার। সুলিভানের চোখ জুড়ানো পারফরম্যান্স ইতোমধ্যে ইউরোপের পরাশক্তি ক্লাবগুলোর নজর কেড়েছে। যদিও ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে সুলিভানের পূর্বচুক্তি রয়েছে, তবুও ক্লাবটির বর্তমান অনিশ্চিত পরিস্থিতির সুযোগ নিয়ে মাঠে নামতে চাইছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
মাঠের পারফরম্যান্স ও ব্যাকগ্রাউন্ড : যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলছেন এই তরুণ মিডফিল্ডার। শৈল্পিক বল নিয়ন্ত্রণ, নিখুঁত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ধারালো আক্রমণাত্মক খেলার সুবাদে তিনি এখন বিশ্ব ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল মুখ। মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক ঘটিয়ে প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছিলেন তিনি।
এরপর সাম্প্রতিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল করে ১৭ বছর ৫ দিন বয়সে মার্কিন পুরুষ জাতীয় দলের সর্বকনিষ্ঠ গোলদাতার ইতিহাসও গড়েছেন কাভান।
তবে ফুটবলীয় পরিচয়ের বাইরে বাংলাদেশের সঙ্গেও সুলিভানের রয়েছে এক নিবিড় আত্মিক যোগসূত্র। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কাভানের মায়ের দিক থেকে রয়েছে বাংলাদেশি ও জার্মান শিকড়। তার নানাবাড়ি ঢাকায়; তার নানি সুলতানা আলম উচ্চশিক্ষার সুবাদে যুক্তরাষ্ট্রে গিয়ে জাতিসংঘের হয়ে কাজ করেছিলেন।
কাভানের বড় ভাই কুইন সুলিভানও ফিলাডেলফিয়া ইউনিয়নের খেলোয়াড়। এমনকি কাভানের যমজ দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক দলের জার্সিতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরবও অর্জন করেছেন।
সিটির সঙ্গে সমঝোতা ও স্প্যানিশ ক্লাবগুলোর আগ্রহ : স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার তথ্যমতে, কাভান সুলিভানের অগ্রগতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে বার্সেলোনা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে তাকে ক্যাস্পে ভেড়ানোর কথা ভাবছে কাতালানরা। এর বাইরে রিয়াল মাদ্রিদও এই তরুণ তুর্কিকে নিয়ে খোঁজখবর রাখছে।
তবে দৌড়ে এখনও বেশ কিছুটা এগিয়ে রয়েছে ম্যানচেস্টার সিটি। গত ২০২৪ সালেই ফিলাডেলফিয়ার সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছায় সিটিজেনরা। নিয়ম অনুযায়ী, আগামী বছরের ২৮ সেপ্টেম্বর কাভানের বয়স ১৮ পূর্ণ হলেই তিনি অফিশিয়ালি ইংলিশ ক্লাবটিতে যোগ দেবেন।
সিটির আইনি মারপ্যাচ ও বার্সেলোনার সুপ্ত সুযোগ : সুলিভানের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে ম্যানচেস্টার সিটির চলমান আইনি জটিলতার কারণে। প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের অসংখ্য অভিযোগে ইতোমধ্যে দোষী সাব্যস্ত হয়েছে ক্লাবটি।
এই রায়ের বিরুদ্ধে সিটি আপিল করলেও শেষ পর্যন্ত ফল অনুকূলে না এলে পয়েন্ট কাটুন বা দলবদলের ওপর নিষেধাজ্ঞার মতো বড়সড় শাস্তির মুখে পড়তে পারে তারা। এমনটা ঘটলে সুলিভানের সঙ্গে সিটির পূর্বনির্ধারিত চুক্তিও বিপাকে পড়তে পারে।
আর ঠিক এই সুযোগটাই কাজে লাগানোর ফন্দি আঁটছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টরা। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সিটির সঙ্গে করা চুক্তি মেনেই সামনে এগোতে চান এই তরুণ মিডফিল্ডার।
আগামী বছর ১৮ বছরে পা দিয়েই ইউরোপের মাটিতে নাম লিখাতে চলা কাভান সুলিভানের পরবর্তী ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হয়, সেটাই এখন দেখার বিষয়।
সান নিউজ / রাজীব