মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেয়া তিন বাংলাদেশি আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-218 ফ্লাইটে বিকেল ৪টা ২০ মিনিটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফিরতে যাওয়া তিন বাংলাদেশি হলেন- মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা। তারা মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছিলেন।
ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের প্রথম সচিব (শ্রম)-এর কাছে পাঠানো হয়। চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়।
চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের আওতাধীন সেফ হোমে অবস্থানরত আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। ওই আটজনের মধ্যে তিনজন আগামীকাল দেশে ফিরছেন।
অন্যদিকে, সেফ হোমে অবস্থানরত বাকি বাংলাদেশিদের দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।
সাননিউজ/বান্না