মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এ সময় একটি ডাম্প ট্রাকের ধাক্কায় তাঁর গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনার পর মানিকগঞ্জের সফর বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি জানান তানজিন তিশা। সেখানে তিনি লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। অভিনেত্রীর আগমন উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল নানা প্রস্তুতি। তাঁকে একনজর দেখতে ভক্তদের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় তাঁর অংশগ্রহণ।
দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তানজিন তিশা জানান, ঘটনাটি তাঁর জন্য ছিল বেশ ভয়াবহ। তিনি বলেন, ‘গত রাতটি আমি ভুলতে পারব না। বড় এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ডাম্প ট্রাক আমার গাড়িটি দুমড়েমুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়। তারপরও আলহামদুলিল্লাহ!’
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে অভিনেত্রী জানান, দুর্ঘটনায় শরীরে কিছু আঘাত পেলেও বর্তমানে তিনি ভালো আছেন। এ জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি তাঁর সুস্থতা কামনায় দোয়া ও ভালোবাসা জানানোর জন্য ভক্ত-অনুরাগীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
এদিকে, রাত প্রায় ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে তানজিন তিশা নিজের অবস্থা নিয়ে ভক্তদের আশ্বস্ত করেন। সেখানে কিছুটা রসিকতার সুরে তিনি লেখেন, ‘আরে ভাই, চুপ থাক তোরা, ঘুমা। আমার কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়নি।’
অভিনেত্রীর এমন পোস্টের পর তাঁর দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় নানা আলোচনা। তবে তাঁর সুস্থ থাকার খবরে স্বস্তি প্রকাশ করছেন ভক্তরা।
সান নিউজ/ রাব্বি