সাভারের আশুলিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি ধারালো চাপাতি ও দুটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে আশুলিয়ার নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- পটুয়াখালী জেলার বাউফল থানার বড় ডালিমা এলাকার মোঃ রায়হান মাতুব্বর (২৬), টাঙ্গাইল জেলার সদর থানার অলুয়া তারিমি এলাকার মোঃ আলতাফ হোসেন (৪০) এবং লালমনিরহাট জেলার সদর থানার কর্ণপুর মোঘলহাট এলাকার মোঃ মোখলেসুর রহমান ওরফে মোখলেস (৩২)।
আশুলিয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের তত্ত্বাবধান ও নির্দেশনায় বিশেষ অভিযান চালানো হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিউল আলম সোহাগ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করে একটি সিলভার রঙের হায়েস মাইক্রোবাসে থাকা তিনজনকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার রায়হান মাতুব্বরের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি হ্যান্ডকাফ, আলতাফ হোসেনের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট এবং মোখলেসুর রহমানের কাছ থেকে একটি স্টেইনলেস স্টিলের ধারালো চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া মাইক্রোবাসের ভেতর থেকে দুটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এসব মালামাল জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (নম্বর ৭০) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের এক দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া থানা এলাকায় অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সাননিউজ/বান্না