চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার যাত্রী। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, চন্দনাইশ উপজেলার বাসিন্দা মো. রিয়াদ (২০) এবং বোয়ালখালী উপজেলার বাসিন্দা রিগেন চক্রবর্তী (৩৫)। আহত চারজনের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী ‘স্বাধীন পরিবহন’-এর একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে এবং রাতেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সাননিউজ/বান্না